মূল অংশে যান
আসল নাকি?
সব নির্দেশিকা

ভুয়া লিংক চেনার ৮টি উপায়

নকল বিকাশ ওয়েবসাইট, অফারের লিংক, ছোট করা লিংক: ক্লিক করার আগে কীভাবে বুঝবেন লিংকটা বিপজ্জনক।

৮টি চিহ্ন যা দেখলেই থামবেন

  1. ঠিকানায় কোম্পানির নাম, কিন্তু আসল ডোমেইন নয়: bkash-bonus.xyz, nagad-offer.top। বিকাশের আসল সাইট শুধু bkash.com, নগদের nagad.com.bd।
  2. এক-দুই অক্ষর আলাদা: bkassh.com, nogod.com.bd। চোখ বুলিয়ে নয়, অক্ষর ধরে পড়ুন।
  3. অদ্ভুত ডোমেইন: .xyz, .top, .click, .icu ইত্যাদি প্রতারণায় খুব বেশি ব্যবহৃত হয়।
  4. একদম নতুন সাইট: কয়েক দিন আগে কেনা ডোমেইনে "বিশাল অফার" প্রায় সবসময় ফাঁদ। আমাদের লিংক যাচাই ডোমেইনের বয়স দেখায়।
  5. ছোট করা লিংক: bit.ly বা অন্য ছোট লিংক আসল ঠিকানা লুকায়। খোলার আগে যাচাই করে আসল ঠিকানা দেখে নিন।
  6. পিন বা পাসওয়ার্ড চাওয়া পাতা: কোনো লিংকে ঢুকে বিকাশ/নগদের পিন বা ওটিপি দেবেন না, পাতা যত আসল দেখাক।
  7. তাড়াহুড়ার চাপ: "মাত্র ১ ঘণ্টা বাকি", "এখনই না করলে বন্ধ"। চাপ দেওয়া মানেই ভাবার সময় না দেওয়া।
  8. অন্য ভাষার একই রকম অক্ষর: কিছু লিংকে ইংরেজির মতো দেখতে রুশ বা গ্রিক অক্ষর থাকে। আমাদের যাচাই এটাও ধরে।

যাচাই করুন এক ক্লিকে

সন্দেহজনক লিংক পোস্ট যাচাই ঘরে পেস্ট করুন। আমরা দেখি লিংকটা কোনো পরিচিত ব্র্যান্ডের নকল কিনা, ডোমেইন কতদিনের, ক্ষতিকর লিংকের আন্তর্জাতিক ডাটাবেসে আছে কিনা, আর পাতাটা পিন-পাসওয়ার্ড চায় কিনা।

ভুল করে লিংকে তথ্য দিয়ে ফেললে

  • সাথে সাথে পিন/পাসওয়ার্ড বদলান।
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেল্পলাইনে ফোন করে একাউন্ট নিরাপদ করুন।
  • লিংকটা আমাদের কাছে অভিযোগ করুন, যাতে অন্যরা সাবধান হয়।
নির্দেশিকা

প্রতারিত হলে এখনই যা করবেন

  1. ১

    টাকা পাঠিয়ে থাকলে সাথে সাথে হেল্পলাইনে কল করুন

    যত দ্রুত জানাবেন, টাকা আটকানোর সম্ভাবনা তত বেশি। বিকাশ ১৬২৪৭, নগদ ১৬১৬৭, রকেট ১৬২১৬।

  2. ২

    থানায় জিডি করুন

    নিকটস্থ থানায় অথবা অনলাইনে gd.police.gov.bd থেকে জিডি করা যায়। লেনদেনের স্ক্রিনশট ও ট্রানজেকশন আইডি সাথে রাখুন।

    gd.police.gov.bd
  3. ৩

    সিআইডি সাইবার পুলিশ সেন্টারে জানান

    অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল বা হ্যাকিংয়ের অভিযোগ সিআইডির সাইবার পুলিশ সেন্টার নেয়।

  4. ৪

    অনলাইন কেনাকাটায় ঠকলে ভোক্তা অধিকারে অভিযোগ করুন

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১।

  5. ৫

    জরুরি বিপদে ৯৯৯

    হুমকি বা তাৎক্ষণিক বিপদে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন।

কেউ ফোন করে OTP বা পিন চাইলে কখনো দেবেন না। বিকাশ/নগদ/ব্যাংক কখনো পিন চায় না।